চাঁদপুরে ৪৮ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ
চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে চাঁদপুরে ৪৮ জন মাদকসেবী ও মদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।
শনিবার চাঁদপুর সদর মডেল থানা আয়োজিত মাদক, নারী-নির্যাতন, ইভটিজিং ও জঙ্গিবাদ প্রতিরোধ সমাবেশে তারা মাদক ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
এ সময় পুলিশ প্রশাসন ও রাজনীতিবিদরা আত্মসমর্পণকারীদের কর্মমুখী করে তুলতে সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জিহাদুল কবির আত্মসমর্পণকারীদের উদ্দেশে বলেন, আজকে যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, আপনারা আর কখনও অন্ধকার জগতে ফিরে যাবেন না।
সামনের দিকে এগিয়ে যেতে তাদের প্রতি পূর্ণ সহায়তার আশ্বাস দেন এসপি জিহাদুল কবির।
“মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাদকের সাথে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেব না।”
পুলিশের মধ্যেও সবাই ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, “এদের মধ্যেও কিছু অফিসার মাদকের সাথে জড়িত থাকতে পারে। তাদের ব্যাপারেও আমরা খোঁজ-খবর নিচ্ছি।”
পুলিশের কারো বিরুদ্ধে কোনো মাদক ব্যবসায়ীকে সহায়তা করার অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থাই নয় ফৌজদারি মামলাও দেওয়া হবে বলে তিনি জানান।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদেরকে হুশিয়ার করে এসপি জিহাদুল বলেন, “যারা এখনও মাদকের সাথে জড়িত রয়েছে তাদেরকে এই পথ ত্যাগ করার আহ্বান করছি। আপনারা বুঝতে পারছেন ম্যাজিস্ট্রেটের চাবি দিয়ে এখন আর পুলিশের অস্ত্র নেওয়া লাগে না।
“আমাদেরকে সরকার এখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিচ্ছে। কোনো মাদক ব্যবসায়ী যদি পুলিশকে আঘাত করার চিন্তা করে তবে তার জন্যে মূল্য চুকাতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা যা করা লাগে তাই করতে প্রস্তুত রয়েছি।”
অতিরিক্ত পুলিশ সুপার আবু জাহেদ চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন প্রমুখ।
