ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ২ অটো আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাসচাপায় দুই অটোরিকশার আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, অটোরিকশাটি জেলা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই আটোরিকশার দুই যাত্রী নিহত হয়।”
দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
