২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সোনার দোকানে চুরি: গ্রেপ্তার ৮

নওগাঁ শহরে রুমি জুয়েলার্স নামের একটি সোনার দোকান থেকে দুই মাস আগে চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2019, 04:10 PM

Updated : 10 Oct 2022, 08:51 PM

পুরনো খবর:

নওগাঁয় দোকান থেকে ‘৩০০ ভরি সোনা চুরি’

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো.ইকবাল হোসেন জানান, গত তিনদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে ১১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং সোনার বিক্রির সাত লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।    

গ্রেপ্তরা হলেন-কুমিল্লা জেলার শরণখোলা থানার পূর্ব খোন্তাকাটা গ্রামের আব্দুর রউফ ফারাজির ছেলে মো. স্বপন ফারাজী (৪১), মো.ফজলুল হকের দুই ছেলে মো.রুস্তম আলী (৫৭) ও আবুল কালাম (৩৮), মুরাদনগর উপজেলার কিষ্টপুর সিদ্ধেশ্বরী গ্রামের আনু মিয়ার ছেলে মো.জামাল হোসেন (৩৭), তিতাস থানার দক্ষিণ বিংলাবাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে সাগর আহম্মেদ (৩৪), একই থানার মঙ্গলকান্দি গ্রামের হাবিবুল্লার ছেলে মো.ইয়াকুব আলী (৩৬), পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার গৌরীপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো.ইউনুস আলী ও একই থানার টি অ্যান্ড টি রোডের বেলাল হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (২৬)।

গত ২ নভেম্বর শুক্রবার বিকালে রুমি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। এর দুইদিন পর নওগাঁ থানায় রুমি জুয়েলার্সের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় ৩০০ থেকে ৪০০ ভরি সোনা চুরি হয়েছে বলে তখন প্রাথমিকভাবে দোকান মালিক তৌফিকুর রহমান জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মামলার পর থেকে এ ঘটনায় জড়িতদের পুলিশের অভিযান অব্যাহত ছিল। ওই অভিযানের মধ্যে আটকজনকে গ্রেপ্তার করা হলো।   

“তাদের মধ্যে রুস্তমের কাছ থেকে স্বর্ণ বিক্রির এক লাখ ৭৮ হাজার টাকা, সাগরের কাছে ৩১ ভরি ১১ আনা স্বর্ণ, ইউনুসের কাছে দেড় ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির পাঁচ লাখ টাকা, হানিফের কাছ থেকে দেড় ভরি স্বর্ণ ও স্বর্ন বিক্রির ৭৭ হাজার টাকা এবং জামালের কাছে ৭৮ ভরি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়েছে।”