হবিগঞ্জে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে টেঁটাবিদ্ধ রয়েছেন কয়েকজন।
আলমপুর গ্রামে শনিবার সন্ধায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন সুলতান আহমেদ (২০), মোতাব্বির হোসেন (৪৫) ও রিপন মিয়া (৩২)। বাকিদের নাম জানা যায়নি।
এর মধ্যে পেটে টেটাবিদ্ধ অবস্থায় রিপন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, গ্রামের আজিজুর রহমানের ছেলে রিপন মিয়ার সঙ্গে হিরা মিয়া মাস্টারের গ্রাম্য আধিপত্য বিস্তারের বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলাও রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, শনিবার বিকালে রিপন মিয়ার আত্মীয় তোফাজ্জল ও হিরা মিয়ার ছেলে আলমগীরের মধ্যে স্থানীয় মাঠে ক্রিকেট খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
