লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষের’ ঘটনায় মামলা
লক্ষ্মীপুর সদর হাসপাতালে এক যুবকের উপর হামলার চেষ্টার সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
জেলা সদর থানার ওসি মো.লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এসআই আব্দুল আলীম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, “এজাহারে ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৬০ জনকে আাসামি করা হয়েছে।”
বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালে দেলোয়ার হোসেন নামের ওই যুবকের উপর এ হামলার ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, ২০১৭ সালের এপ্রিলে দেলেয়ার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ আব্দুর রহমান ফজলুর উপর হামলা করেন। ওই ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় দেলোয়ার জেলে ছিলেন।
মঙ্গলবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন দেলোয়ার। বুধবার সকালে দেলোয়ার ছুরি হাতে আবার আব্দুর রহমানকে আক্রমণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাকে মারধর করে থানায় খবর দেয়।
এসপি বলেন, “পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।এ সময় একদল যুবক দেলোয়ারের উপর হামলার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের উপর হামলা করলে দুপক্ষের সংঘর্ষ বাধে।”
সংঘর্ষে এসআই আব্দুল আলীম, এএসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল নয়ন, কনস্টেবল মেহেদীসহ অন্তত দশজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
আটকদের মধ্যে সদর পশ্চিম উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, লক্ষ্মীপুর পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর য়ার্ড যুবলীগের আহবায়ক আজগর, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আফলু, ছাত্রলীগ নেতা আশেক, রোকন, সাইমুন ও রনি রয়েছেন বলে পুলিশ সুপার জানান।
