গাজীপুরে স্কুলছাত্রকে হত্যার ঘটনায় আটক ৫
গাজীপুরে স্কুলছাত্র ইফতিয়াক হোসেন নিফাত হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে শহরের বাহাদুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬) ও তার স্ত্রী তানজিনা (১৮) মা রোজিনা ও মাজেদা বেগম (৪০)।
রাফিকুল পরিবার নিয়ে বাহাদুরপুর তুলসি ভিটা এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত।
বৃহস্পতিবার সকালে ওই এলাকায় বাড়ির পেছন থেকে ১১ বছর বয়সী রিফাতের লাশ উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেছিলেন, পারিবারিক শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ওই এলাকার হযরত আলীর ছেলে নিফাত স্থানীয় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল থেকে এ বছর পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায়। বুধবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের রাস্তায় খেলতে বেরিয়ে নিখোঁজ হয় সে।
নিফাতকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার মুক্তির জন্য অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোনে ৩০ লাখ টাকা দাবি করেছিল বলে নিফাতের মামাতো ভাই আশাদুল হক জানিয়েছিলেন।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “অপহরণের আগে রিফাত ও রফিকুল একসঙ্গে ব্যাটমিন্টন খেলছিল। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রিফাতকে রফিকের ভাড়া বাসায় আটকে রেখে তার বাবার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় নিফাত ভেতরে থেকে চিৎকার করায় তাকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়।”
পরে নিফাতের গলায় ওরনা পেঁচিয়ে হত্যার পর লাশ রাতে বাড়ির পাশে আম বাগানে ফেলে রাখা হয় বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
