গাজীপুরে স্কুলছাত্র ‘অপহরণের পর হত্যা’
গাজীপুর শহরে অপহরণের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর তুলসি ভিটা এলাকায় বাড়ির পেছন থেকে লাশটি পাওয়া যায় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান।
নিহত ইফতিয়াক হোসেন নিফাত (১১) ওই এলাকার হযরত আলীর ছেলে। স্থানীয় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল থেকে এ বছর পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় সে।
নিহতের মামাতো ভাই আশাদুল হক বলেন, বুধবার বেলা ১২টার দিকে নিফাত বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। দীর্ঘসময় পরও সে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়।
“পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আমার মামার মোবাইলে ফোন করে নিফাতকে অপহরণ করা হয়েছে বলে জানায়। নিফাতের মুক্তির জন্য ৩০ লাখ টাকা দাবি করে সে।”
আমাদুল বলেন, “টাকা না দিলে এবং পুলিশে খবর দেওয়া হলে নিফাতের ক্ষতি করা হবে বলেও ফোনে হুমকি দেওয়া হয়।”
ওসি বলেন, নিফাতের পরিবারের কাছে অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ তাকে উদ্ধারে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে তার লাশ পাওয়া যায়।
তিনি বলেন, “শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক শত্রুতার জেরে দুর্বৃত্তরা বাড়ির কাছেই কোথাও শিশুটিকে হত্যার পর লাশ বাড়ির পেছনে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় জড়িতদর ধরতে অভিযান চালানো হচ্ছে।
