গাজীপুরের উদ্যানে ঠাঁই পেল ৯ কালগুই
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত নয়টি কালগুই অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, বুধবার বিকেলে বনকর্মীরা এগুলো অবমুক্ত করেন।
এর আগে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকার একটি জলাশয় থেকে তাদের উদ্ধার করা হয়।
তাদের মধ্যে চারটি মর্দা আর পাঁচটি মাদী বলে তিনি জানান।
পরিবেশে কালগুইয়ের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, এরা সর্বভুক প্রাণী। বাসা-বাড়ির ময়লা খেয়ে পরিবেশকে দূষণ থেকে রক্ষা করে। ইঁদুরজাতীয় প্রাণী, মুরগি, সাপসহ বিভিন্ন ছোট প্রাণী খায়। প্রতিকূল পরিবেশে এরা মানুষের সান্নিধ্যে চলে আসে। এদের কামড়ে ও লেজের আঘাতে মানুষের দেহে ক্ষত ও পচন দেখা দেয়।
