২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির জন্য ভোট চাইলেন স্ত্রী সুমি

ভোটের প্রচার শুরু হওয়ার আগেই মাশরাফি বিন মর্তুজার জন্য ভোট চাওয়া শুরু করেছেন তার স্ত্রী সুমনা হক সুমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহবুবুর রশিদ, নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2018, 11:08 PM

Updated : 11 Oct 2022, 12:49 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া উপজেলা শহরের মদিনাপাড়ায় উঠান বৈঠকে তিনি মেসেঞ্জারের মাধ্যমে যুক্ত হয়ে ভোট প্রার্থনা করেন।

প্রতীক বরাদ্দের আগে প্রচারে নামার সুযোগ না থাকলেও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের জন্য নৌকা মার্কায় ভোট চান তার স্ত্রী। 

তিনি বলেন, “আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ওই নির্বাচনে আপনারা মাশরাফিকে ভোট দিয়ে নির্বাচিত করুন।”

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

মাশরাফির স্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উঠান বৈঠকে উপস্থিত ভোটাররা।

রোজিনা খানম নামের এক ভোটার বলেন, “মাশরাফি বিন মর্তুজাকে শুধু আমরা টেলিভিশনেই দেখেছি। তিনি নড়াইল থেকে নির্বাচন করায় আমরা খুব খুশি। নির্বাচনের আগে সরাসরি একবারের জন্য হলেও দেখতে চাই। তাকে দেখেই ভোট দিতে চাই।

“মাশরাফিকে সরাসরি দেখতে না পারলেও তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে পেরে ও দেখতে পেয়ে আমরা সবাই খুব খুশি। মাশরাফির স্ত্রীকেও আমরা সরাসরি দেখতে চাই।”

এই কর্মসূচিতে মাশরাফির স্ত্রীর বড় বোন জেলা যুব মহিলা লীগের আহবায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা ও মেজ বোন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সঞ্চিবা হক রিপা, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলুসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মাশরাফি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় আগামী ১৪ নভেম্বরের পরে যেকোনো দিন নির্বাচনী এলাকায় আসবেন। সঙ্গে স্ত্রী, ছেলে-মেয়েও থাকবেন।

মাশরাফি নড়াইল আসার পর তার পাশাপাশি স্ত্রীও নির্বাচনী প্রচারে সরাসরি মাঠে নামবেন বলে জানান স্বজনরা।