২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের গাড়িবহরে বোমা হামলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2018, 11:36 PM

Updated : 19 Aug 2022, 02:59 PM

মঙ্গলবার রামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মওদুদ আহমদের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মমিনুর রহমান সুজন অভিযোগ করেন। 

হামলায় কয়েকজন আহত হওয়ার কথা বললেও তাদের নাম জানা যায়নি।

বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে। তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, স্থানীয় পুলিশ মওদুদের গাড়িবহরে কোনো বোমা বিস্ফোরণের ঘটনিই ঘটেনি বলে দাবি করছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ) আসনে মওদুদ আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রামপুর ইউনিয়নের বামনীয়া বাজারে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের যাওয়াকে কেন্দ্র করে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।”

মওদুদ আহমদের একান্ত ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ব্যারিস্টার মওদুদ আহমদ রামপুর ইউনিয়নের যুবদল নেতা আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান আলী আকবর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানের পিতা আবুল কাশেম পেশকার, বিএনপি নেতা হাবিব উল্যাহ চৌধুরী, আবুল বাশার মেম্বারের কবর জেয়ারত করতে যান।

“এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে ২৫-৩০টি হাতবোমা নিক্ষেপ করেন।”

এ ব্যাপারে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন কোনো ককটেল হামলার ঘটনা ঘটায়নি।

“তবে নির্বাচনী আচরণবিধি লংঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন মিয়া তিনজনকে জরিমানা করেছেন বলে আমাকে জানিয়েছেন।”

এদিকে, নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে মওদুদ আহমদের তিন সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

দণ্ডিতরা হলেন নাইমুল হক, মোশারফ হোসেন ও আবদুল্লাহ আল মামুন। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন মিয়া বলেন, “নির্বাচনী আচরণবিধি লংঘন করে মোটরসাইকেল মহড়া দেওয়ায় অর্থদণ্ড দিয়ে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।”