২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে ‘ঢিল’, সাংসদ ইয়াহইয়ার ‘ফাঁকা গুলি’

সিলেটের ওসমানীনগরে জাতীয় পার্টির সাংসদ ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 10:26 AM

Updated : 08 Apr 2022, 07:25 PM

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন জানান।

তিনি বলেন, রাতে বুরুঙ্গা এলাকায় একটি বাড়িতে যান সিলেট-২ আসনের এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

“সেখান  থেকে ফেরার পথে রাতের আঁধারে কে বা কারা তার গাড়িতে ঢিল ছোড়ে। এ সময় তিনি আত্মরক্ষার জন্য ব্যক্তিগত পিস্তল দিয়ে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।” 

তবে জাতীয় পার্টির নেতা এহিয়া হামলাকারীদের চিহ্নিত করতে পারেননি। এ ঘটনায় ওসমানী নগর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ওসি।

২০১৪ সালের নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জিতে প্রথমবারের মত এমপি হন ইয়াহইয়া চৌধুরী। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মহাজোট তাকে এ আসনটি ছেড়ে দিয়েছে।