২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পেট্রোল বোমায় ৫ হত্যা: বিএনপি নেতা কারাগারে

সাড়ে তিন বছর আগে পেট্রোল বোমায় পাঁচ শ্রমিক হত্যা মামলায় মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে কারাগারে পঠিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 11:35 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

বৃহস্পতিবার মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।

বিএনপির হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কে ট্রাকে ছোঁড়া পেট্রোল বোমায় পাঁচ শ্রমিক নিহত হন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল হোসেন বলেন, এ ঘটনায় পরদিন মাগুরা সদর থানার এএসআই আব্দুস সালাম বাদী হয়ে তৎকালীন জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ দলটির ২৬ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্থান্তর করা হয়।

তিনি জানান, তৎকালীন ডিবির ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক মামলার দুই নম্বর আসামি মনোয়ার হোসেন খানসহ ২৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মনোয়ার হোসেন খানকে ওই হামলার অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়।

কামাল হোসেন আরও জানান, মামলার একাধিক আসামি ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারয় জবানবন্দি দিয়েছেন।

“এ মামলার অন্য আসামিরা আদলতে অত্মসমর্পণ করে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে জামিন পেলও মনোয়ার হোসেন খান সিঙ্গাপুরে চলে যান।”

কামাল বলেন, সম্প্রতি তিনি বিএনপির মনোনয়ন লাভের জন্য দেশে ফিরে হাই কোর্ট থেকে জামিন জামিন নেন। তিনি অভিযোগপত্রের আসামি এ তথ্য এবং মামলার সর্বশেষ তথ্য গোপন করে আদালতকে ভুল বুঝিয়ে জামিন নেন।

তথ্য গোপন করে আদালতকে ভুল বুঝিয়ে জামিন লাভের বিষয়টি জানিয়ে রাষ্ট্রপক্ষ থেকে জামিন বাতিলের জন্য হাই কের্টে আবেদন করা হয় বলে কামাল জানান।

“হাই কোর্ট বিষয়টি আমলে নিয়ে তার জমিন স্থগিত করে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।”

কামাল আরও জানান, দুপুরে তিনি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। জেলা ও দায়রা  জজ শেখ মফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে মনোয়ার হোসেন খানের জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, ঘটনায় মনোয়ার হোসেন খানের কোনো সম্পৃক্ততা নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলায় তাকে আসামি করা হয়েছে।