কুষ্টিয়ায় হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের যাবজ্জীবন
কুষ্টিযায় পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের নাগর মিস্ত্রীর ছেলে আব্দুল মান্নান, তার স্ত্রী মেরিনা খাতুন এবং মা মর্জিনা খাতুন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মান্নানের চাচাত ভাই হযরত আলীকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিররণে বলা হয়, ২০১৩ সালের ২৪ অগাস্ট দুপুরে ভেড়ামারার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামে শাহিন নামে এক ট্রলি চালক স্থানীয়দের হাতে মারধরের শিকার হন। শাহিন উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের তালিম উদ্দিন মণ্ডলেল ছেলে ছিলেন।
খবর পেয়ে শাহিনের বাড়ি লোকজন ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়।এতে শাহিনের ছোট ভাই খায়রুল আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড়ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালে ১৭ জানুয়ারি পুলিশ সব আসমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
