আরেক মামলায় বিএনপি নেতা মিলনের জামিন নাকচ
নির্বাচনে ব্যয়ের হিসাব দাখিল না করার মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
চাঁদপুরের জেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শফিউল আজম মঙ্গলবার এ আদেশ দেন।
বিএনপির ২০০১-২০০৬ মেয়াদের সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে মালয়েশিয়ায় চলে যান। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশে ফেরার ফর গত ২৩ নভেম্বর চট্টগ্রামে গ্রেপ্তার হন তিনি।
তার আগেই তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাজমুন নাহার বেবী চাঁদপুর-১ (কচুয়া) আসনে মিলনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।
চাঁদপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মামুনুর রশিদ জানান, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল না করায় পরের বছর মিলনের বিরুদ্ধে মামলা হয়। সাবেক জেলা নির্বাচন অফিসার মেজবা উদ্দিন বাদী হয়ে জনপ্রতিনিধি অধ্যাদেশ অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মিলনের আইনজীবী কামরুল ইসলাম বলেন, পুলিশ মিলনকে ওই মামলায় আদালতে হাজির করলে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিলনের বিরুদ্ধে খুন, ভ্যানিটি ব্যাগ চুরি, জুতা চুরি, ছিনতাইসহ চাঁদপুরের বিভিন্ন আদালতে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় সোমবার তার জামিন নামঞ্জুর হয়।
