‘বাবার’ হাতে শিশুপুত্র খুন, পুলিশে দিল স্ত্রী
রাঙামাটির কাউখালী উপজেলায় নিজের ছেলেকে হত্যার অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে তার স্ত্রী।
ঘটনার নয় দিন পর রোববার বিষয়টি জানাজানি হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত নীরব চাকমা (৫) খাগড়াছড়ির গামারী ঢালা গ্রামের এরেক্কু চাকমার (২৬) ছেলে।
পরিবারের বরাত দিয়ে কাউখালী থানার এসআই আল আমিন বলেন, এরেক্কু চাকমা তার স্ত্রী অন্তরা চাকমা (২০) ও ছেলেসহ চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন। অন্তরা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন।
কিন্তু তার স্বামী কোনো কাজ না করায় তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে স্বজনরা জানিয়েছে, বলেন এসআই আমিন।
তিনি বলেন, ছেলেকে সামলানো নিয়ে গত ৮ নভেম্বর অন্তরার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। ৯ নভেম্বর তাদের ছেলে নীরব নিখোঁজ হয়ে যায়।
“অন্তরা সন্তানকে না পেয়ে স্বামীকে সন্দেহ করেন। তাই শনিবার (১৭ নভেম্বর) আত্মীয়দের সহায়তায় অন্তরা তাকে আটক করেন এবং রোববার পুলিশে সপোর্দ করেন।”
এসআই আল আমিন বলেন, জিজ্ঞাসাবাদে এরেক্কু ছেলেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলার মঘাছড়ি এলাকার চন্দ্রবংশ শিশু সদনের নির্জন পাহাড় ঘেরা রাস্তায় গলা টিপে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।
“তার স্বীকারোক্তির ভিত্তিতে ঘনটাস্থল থেকে লাশ উদ্ধার করে মায়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।”
