২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবলীগ নেতাকে ‘বাড়ি থেকে ডেকে নিয়ে’ হত্যা

গাজীপুর নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। এ ঘটনায় তার বাবা আহত হয়েছেন। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 12:34 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

সোমবার সকাল ৮টার দিকে নগরের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান।

নিহত আব্দুল মোতালেব (৩২) ওই এলাকার ঠিকাদার মোফাজ্জল হোসেনের ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের একাংশের সভাপতি ছিলেন।

আহত মোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোতালেবের চাচা লোকমান বলেন, সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ছোট দেওড়া এলাকার বাড়ি থেকে মোতালেবকে স্থানীয় সুমন (জহিরের ভগ্নিপতি) বাইরে ডেকে নিয়ে যান। এ সময় সুমন মোতালেবকে জানান স্থানীয় নাজিম উদ্দিনের ছেলে যুবদল কর্মী জহির তাকে (মোতালেবকে) গালাগাল করেছে।

“এরপর জহিরকে খোঁজাখুজিঁ করে না পেয়ে তার বাড়ি গিয়ে বিভিন্ন মালামাল ভাংচুর করে মোতালেব। এ ঘটনার কিছুক্ষণ পর জহির মোবাইল ফোনে মোতালেবকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী মজিবুর মেম্বারের পরিত্যক্ত বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়।”

“সেখানে যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগে স্থানীয় জহির, বাবু, নাজিম, ফিরোজ ও ফাইজুলের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত মোতালেবকে ধারলো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় আমার ভাই ছেলেকে বাঁচাতে সেখানে গেলে তাকেও এলাপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।”

পরে এলাকাবাসী  তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন বলে লোকমান জানান। 

তিনি বলেন, “মোতালেবের গলা, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মোফাজ্জলের দুই হাত ও একটি পা ভেঙ্গে ফেলেছে; তার মাথা এবং শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে। ”

শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, মোতালেবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান মিয়া সাজু বলেন, মোতালেবের সঙ্গে প্রতিবেশী রিপন লস্করের বন্ধুত্ব ছিল। প্রায় দুই আড়াইমাস আগে মোতালেব একটি মোটরসাইকেল ক্রয় করেন। ওই মোটরসাইকেল নিয়ে রিপন প্রায়ই বিভিন্ন স্থানে যাতায়ত করতেন।

“কয়েকদিন আগে রিপন বেড়াতে যাওয়ার জন্য মোতালেবের কাছে মোটরসাইকেল চায়; কিন্তু মোটরসাইকেল না দেওয়ায় তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকে মোতালেবেরে সঙ্গে রিপনের বিরোধ চলে আসছিল।” 

সাজু আরও বলেন, এ বিরোধের জেরে মোতালেব শনিবার সন্ধ্যায় রিপনের বড়ভাই স্বপন লস্করের ভোড়া এলাকার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধার করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কোপান। এতে স্বপনের বোন শাবানা ও ভাগ্নে সাজেনসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় মোতালেবসহ কয়েকজনকে আসামি করে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়।

“ধারণা করা হচ্ছে, শনিবারের হামলার ঘটনার জেরে সোমবারের এ ঘটনা ঘটেছে।”

গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) সদর থানার ওসি সমীর চন্দ্র সুত্রধর জানান, নিহত ও হামলাকারীদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও হত্যাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রানীরা এ ঘটনা ঘটিয়েছে।

“সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই মোতালেবের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।