২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এনা পরিবহনের বাস খাদে, নিহত ২

সিলেটের ওসমানীনগরে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত আটজন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 11:17 AM

Updated : 08 Apr 2022, 07:14 PM

রোববার রাত দেড়টার দিকে উপজেলার উনিশ মাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন জানান।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।   

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মামুন বলেন, “এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।  

দুর্ঘটনার পর পরই বাস চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা জানিয়েছে।