রাবির ‘বি ইউনিটে’ ভর্তির ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বাণিজ্য অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয় বলে বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য অনুষদের ৫৬০টি আসনের বিপরীতে বাণিজ্য শাখায় ১৩৬৫ জন ও অবাণিজ্য শাখা থেকে ৪২০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিভাগ পছন্দে ফরম পূরণ করতে হবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছুকে পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্র, বিভাগ পছন্দ ফরমের প্রিন্ট কপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকার গ্রহণ শেষে ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd.com/admission.ru.ac.b) ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
