২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে কবি শামসুর রাহমানকে স্মরণ নোয়াখালীতে

শামসুর রাহমানের ৯০তম জন্মদিনে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রয়াত এই কবিকে স্মরণ করেছে নোয়াখালী আবৃত্তি একাডেমি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 01:17 AM

Updated : 11 Oct 2022, 12:42 PM

আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে নোয়াখালী আবৃত্তি একাডেমির অনুশীলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।

নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আবু নাছের মঞ্জু, প্রভাতি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবৃত্তিশিল্পী লায়লা তারেক ও এন লিটল স্টার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক লায়লা পারভীন।

বক্তারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ায় কবি শামসুর রাহমানের ভূমিকার কথা তুলে ধরেন।

১৯৯৫ সালে নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আলোচক হিসেবে কবি শামসুর রাহমানের আগমন নিয়ে ম্মৃতিচারণ করেন আবৃত্তি একাডেমির সভাপতি কৈশোর।

এর আগে নোয়াখালী আবৃত্তি একাডেমির অনুশীলন কক্ষে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ইবনে আলী ডিউ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার ইলিয়াছ শরীফ।