ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় হবিগঞ্জে যুবলীগ নেতা কারাগারে
হবিগঞ্জে একটি পত্রিকা অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক কাজী কামাল উদ্দিন জানান।
মামলার বিবরণে বলা হয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছের মালিকানাধীন স্থানীয় দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকা কার্যালয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় পত্রিকা অফিসের তৎকালীন মেশিন অপারেটর ও কেয়ারটেকার মিজানুর রহমান বাদি হয়ে ২০০৭ সালের ১০ এপ্রিল সাত জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
ওই বছরের ১৪ অগাস্ট আতাউর রহমান সেলিম, যুবলীগ নেতা হাসান চৌধুরী হেমসিন ও তালুকদার শাহীনকে তিন বছর করে কারাদণ্ড ও তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেন। বাকিদের খালাস দেওয়া হয়।
কামাল উদ্দিন বলেন, “দুপুরে আতাউর রহমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
