২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পচে গেল ২৭ টন চিংড়ি

চাঁদপুরে সি-ফুড করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কোল্ড স্টোরে ২৭ টন চিংড়ি পচে গেছে; যার দাম প্রায় তিন কোটি টাকা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2018, 05:48 PM

Updated : 08 Apr 2022, 07:11 PM

জেলা শহরের ইচলী এলাকায় মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের সামনে এগুলো পুঁতে ফেলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সাংবাদিকদের বলেন, “ওই কোল্ড স্টোরে তিন কোটি টাকার ২৭ টন চিংড়ি মজুদ করা হয়েছিল। সব পচে গেছে। এখন আর সেগুলো খাওয়ার যোগ্য নেই।

“এছাড়া চিড়িং থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় আদালতের নির্দেশে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।”

পরিবেশ, ব্যাংক, সিভিল সার্জন, জনস্বাস্থ্য প্রকৌশল ও কোস্টগার্ড প্রতিনিধি নিয়ে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির সব সদস্য সেখানে ছিলেন বলে তিনি জানান।

চাঁদপুর সোনালি ব্যাংকের ডিজিএম মো. কবির হোসেন বলেন, প্রতিষ্ঠানটির মালিক শাহিদুর রহমান চৌধুরী সোনালী ব্যাংকের কাছে প্রায় ৩৫ কোটি ২১ লক্ষ টাকা ঋণী। টাকা আদায়ের জন্য আদালতে মামলা করার পর তিনি উধাও হয়ে যান। তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে কত দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, চিংড়িগুলো কেন নষ্ট হল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা মনি, আজিজুন নাহার, এজিএম মো. আব্দুল মতিন, কোস্টগার্ডের পিও অফিসার এমএম কাদের, জেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, সদর থানার এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে ছিলেন।