সিরাজগঞ্জে ৯ শুটারগানসহ আটক ২
সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে নয়টি শুটারগানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে গোপাল চন্দ্র সূত্রধার (৩০) ও সদর উপজেলার চররামগাতি গ্রামের জুড়ান আলীর ছেলে নূরুল ইসলাম ওরফে নূরু শেখ (৪২)।
জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বুধবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “গোপাল নিজে অস্ত্র প্রস্তুতকারক ও ব্যবসায়ী। বুধবার সকালে সদর উপজেলার কাদাই এলাকার সিলভার ডেল পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।
“তার কাছে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে আটটি ওয়ানশুটারগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
“অপরদিকে নূরুকে বুধবার ভোরে সদর উপজেলার চররামগাতি গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। তার বিছানার বালিশের নিচ থেকে একটি ওয়ানশুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ চারটি মামলা রয়েছে।”
তাদের পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “নূরু একজন নৌ-ডাকাত বলে পরিচিত।”
এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
