২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্যামলীর বেপরোয়া বাসের ধাক্কায়’ কলেজছাত্রী নিহত

নারায়ণগঞ্জে ‘শ্যামলীর বেপরোয়া একটি বাসের ধাক্কায় লেগুনা দুমড়ে-মুচড়ে’ এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2018, 09:23 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. নাসির উদ্দিন বলেন, শুক্রবার বেলা ১টার দিকে সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার লুভা (২৫) ঢাকার ডেমরার শুকুরশী এলাকা আব্দুল লতিফের মেয়ে। ঢাকার ইডেন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী তিনি।

আহতদের মধ্যে ইদ্রিস আলী নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর অন্যদের সানারপাড়ে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসআই নাসির বলেন, “একটি কভ্যার্ড ভ্যানকে ইউটার্ন নিতে দেখে লেগুনাটি দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে এসে লেগুনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

“লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে এর যাত্রী তাসলিমা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।”

তাদের মধ্যে সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪) ও সিমুর (২১) নাম জানালেও অন্য নাম বলতে পারেনি পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে রাজি হয়নি। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

পুরনো খবর:

শ্যামলীর দুই বাস খাদে, নিহত ২