নাফ নদী থেকে ২ যুবকের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দরের পাশের নাফ নদীর জাইল্ল্যারদিয়া সংলগ্ন পয়েন্ট থেকে লাশগুলো পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।
মৃতদের বয়স আনুমানিক ১৮-২২ বছর বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি রণজিত বলেন, নাফ নদীতে দুই ব্যক্তির লাশ ভাসতে দেখে জেলে ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
" মৃতদের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট ছিল। তাদের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি; তবে মুখ ও শরীরের অনেকাংশ পচে গেছে।”
কয়েকদিন পানিতে থাকায় লাশে পচন ধরেছে বলে ধারণা এ পুরিশ কর্মকর্তার।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
