জামায়াত নেতাকে ‘ছিনিয়ে নেওয়ার’ ঘটনায় আটক ৫
সিরাজগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
উল্লাপাড়া থানার এসআই রিপন কুমার সাহা জানান, পাঁচজনকে আটক ছাড়াও এ ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে হাতকড়াসহ পলাতক উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া থেকে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে কয়রা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে একদল আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মী তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেন বলে পুলিশের ভাষ্য।
এসআই রিপন বলেন, এ ঘটনায় আজাদ ও সাইফুল ইসলাম খোকাসহ ৭৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
“বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গ্রেপ্তারকৃতরা হলেন কয়ড়া চরপাড়া গ্রামের গোলাম মওলার ছেলে খায়রুল ইসলাম (২৫), গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬), সোলায়মান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬), বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৬) ও তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৫)।
