পিভিসি পাইপের পারসেলে ৪ হাজার ইয়াবা, একজন আটক
সিরাজগঞ্জে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলছে র্যাব।
রোববার জেলা শহরে ঢাকা রোডের ‘এস এ পরিবহন’ কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র্যাব ১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাকিবুল ইসলাম খান জানিয়েছেন।
আটক খোরশেদ আলম (৪৬) নাটোরের লালপুর উপজেলার ধানাইদহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
কমান্ডার সাকিবুল বলেন, এস এ পরিবহনের মাধ্যমে পিভিসি পাইপের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পার্সেল করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদকে আটক করা হয়।
“পার্সেলটি চট্টগ্রামের কাজীরদেউড়ি থেকে এসেছে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
