বিশ্ববাজারে ওয়ালটন হবে মর্যাদাশীল ব্র্যান্ড: বাণিজ্যমন্ত্রী
খুব শিগগিরই ওয়ালটন বিশ্ববাজারে মর্যাদাশীল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নবনির্মিত ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রোজেক্ট উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
“ওয়ালটন শুধু বাংলাদেশেরই বড় শিল্প প্রতিষ্ঠান নয়, বরং আন্তর্জাতিক বিশ্বে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। খুব শিগগিরই বিশ্ববাজারে মর্যাদাশীল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে। ওয়ালটন কারখানায় এসে আমি মুগ্ধ, অভিভূত, গর্বিত।”
বাণিজ্যমন্ত্রী বলেন, ওয়ালটন তাদের মেধা, শ্রম দিয়ে সবকিছু তৈরি করছে। পণ্যের যন্ত্রাংশ, কাঁচামাল নিজেরাই তৈরি করছে।
এ প্রতিষ্ঠানটি শুধু দেশের অর্থনীতিকেই এগিয়েই নিচ্ছে না, বরং বৃহৎ সংখ্যক লোকের কর্মসংস্থানও করছে বলে জানান আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।
এ সময় ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির জন্য সরকার নগদ সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী।
ওয়ালটন কারখানায় বর্তমানে ২৫ ধরনের পণ্য তৈরি হচ্ছে। ৬০ ধরনের পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে বলে কোম্পানির লোকজন জানান।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম বলেন, ৬৮০ একর জায়গার উপর রয়েছে ওয়ালটন কারখানা কমপ্লেক্স। ৭০ লাখ বর্গফুট জায়গা জুড়ে চলে পণ্য উৎপাদন কার্যক্রম; যেখানে নিয়োজিত আছেন প্রকৌশলী এবং টেকনিশিয়ানসহ দেশ-বিদেশের প্রায় ২০ হাজার কর্মী।
ওয়ালটন কারখানার গ্লাস ডোর প্রোজেক্টে প্রাথমিকভাবে প্রতিদিন এক হাজার গ্লাস ডোর ফ্রিজ তৈরি হচ্ছে। শিগগিরই তা দৈনিক পাঁচ হাজারে ইউনিটে উন্নীত হবে জানান আশরাফুল।
রোববার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নুরুল আলম রেজভী, ভাইস চেয়ারম্যান শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুরুল আলম এবং ওয়ালটন গ্রুপের ডিরেক্টর রাইসা সিগমা হিমাসহ আরও অনেকে।
কারখানা কমপ্লেক্সে পৌঁছে বাণিজ্যমন্ত্রী ওয়ালটন প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রজেক্টের উদ্বোধন করেন। পরে তিনি ওয়ালটন রেফ্রিজারেটর, কম্প্রেসর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার ইত্যাদি পণ্যের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
