২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আগুন সন্ত্রাস থাকবে না: আইজিপি

পাঁচ বছর আগে সংঘটিত আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও সন্ত্রাস আর করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 07:19 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

বৃহস্পতিবার সাতক্ষীরায় মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে আইজিপি বলেন, “সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশে আর কখনও আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও সন্ত্রাস থাকবে না।

“২০১৩ সাল ও ২০১৪ সালে আন্দোলনের নামে সাতক্ষীরাসহ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে যারা অকার্যকর করতে চেয়েছিল তারা আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদের শেকড় উপড়ে ফেলতে পুলিশ কাজ করে যাচ্ছে।”

মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিতে জনগণের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “মাদকের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকেন তাদেরও রক্ষা নাই।”

বেলা ১১টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছে জেলা পুলিশ। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা প্রশাসক ইফতেখার হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে আইজিপি সাতক্ষীরা শহরে পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে এসে শেষ হয়।

সমাবেশের আগে পুলিশের বিভিন্ন সময় অভিযানে আটক বিপুল পরিমাণ ফেন্সিডিল, গাঁজা ইয়াবা ধ্বংস কার্যক্রম তদারকি করেন তিনি। এ সময় কয়েকজন আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের হাতে ভ্যান গাড়ি তুলে দেন আইজিপি।