পদ্মায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা
শরীয়তপুরে পদ্মার ভাঙনে সহায়-সম্বল হারানো পরিবারের জন্য দুই কোটি টাকাসহ সরকারি নানা সহায়তার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার নড়িয়া উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ ঘোষণা দেন।
গত দুই মাসের অব্যাহত ভাঙনে শুধু নড়িয়া উপজেলায় মুক্তারের চর, কেদারপুর ইউনিয়ন ও নড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পদ্মায় বিলীন হয়ে গেছে। এসব এলাকার প্রায় চার হাজার পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়েছে।
মন্ত্রী বলেন, “নদী ভাঙন কবলিত মানুষ যাতে কোনো কষ্ট না পায় এ জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যারা তদারকির দায়িত্বে থাকবেন তারা ঠিকমতো বণ্টন করবেন; তাহলে কোনো কষ্ট থাকবে না।”
মন্ত্রী এ এলাকার জন্য পাঁচ হাজার বান্ডেল ঢেউটিন, দুই কোটি টাকা, চার হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দের কথা জানান।
আগামী চার মাস দুস্থ প্রতি পরিবারের জন্য ৩০ কেজি করে চাল দেওয়ারও ঘোষণা দেন মন্ত্রী মায়া।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভাণ্ডারে খাদ্যের কোনো অভাব নেই। আপনাদের যা প্রয়োজন তাই দেওয়া হবে। তবে যেন স্বজনপ্রীতি না হয়।”
দুপুরে নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মায়া।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ শওকত আলী, সাংসদ বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামূল হক শামীম প্রমুখ।
এর আগে মন্ত্রী ভাঙন কবলিত মুলফৎগঞ্জ, কেদারপুর, চরজুজিরা, পাচগাও, শুভগ্রাম, বাঁশতলা, মোক্তারেরচরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ নাভানা আক্তার, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তারের মহাপরিচালক আবু ছৈয়াদ মো. হাসিম,পুলিশ সুপার আবদুল মোমেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন খলিলুর রহমান, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া ইউএনও সানজিদা ইয়াসমীন প্রমুখ।
