সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জিএমপি কমিশনার
গাজীপুর মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমান স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মঙ্গলবার নিজ দপ্তরে তিনি মতবিনিময় করেন।
কমিশনার বেলালুর বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য মাদক হলো সবচেয়ে বড় সমস্যা। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি আছে সেটা একশ ভাগ এখানে অনুসরণ করা হবে।
“কোনো প্রকার ছাড় এখানে দেওয়া হবে না। মাদকের সাথে কোনো পুলিশ কর্মকর্তাও যদি জড়িত থাকেন তারা ছাড় পাবেন না, পার পাবেন না।”
যানজটকে মাদকের পরের সমস্যা উল্লেখ করে এটি নিরসনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বিভিন্ন স্থানের অবৈধ পার্কিং, ফুটপথ দখলমুক্ত করার এবং মহাসড়কে কাগজ চেকিং করার নামে পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধেরও প্রতিশ্রুত দেন তিনি।
বেলালুর বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে জঙ্গিবাদ অঙ্গাঙ্গিভাবে জড়িত। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে সুদৃঢ়।
এক্ষেত্রেও তিনি প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স টু টেরোরিজম’ মাথায় রেখে কাজ করার অঙ্গীকার করেন।
নতুন এই পুলিশ কমিনার গাজীপুরে পুলিশের হারানো ইমেজ ফিরিয়ে আনতেও সচেষ্ট থাকবেন বলে জানান।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব রহমান, উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুর রহমান, শরিফ আহমেদ উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রায় চার বছর পর ২০১৭ সালের অক্টোবরে গঠিত হয় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। এর প্রায় ১০ মাস পরে গত রোববার (৯ সেপ্টেম্বর) জিএমপির মনোগ্রাম চূড়ান্ত করা হয়। জিএমপি হলো দেশের সপ্তম মেট্রোপলিটন পুলিশ।
জিএমপিতে আটটি থানায় ১১৫২ জনের লোকবলও নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
