জামালপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলা: মামলায় আসামি আ.লীগ নেতা
জামালপুরের ইসলামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের ওপর হামলার ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ইসলামপুর থানার ওসি মো.শাহীনুজ্জামান খান জানান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীনকে প্রধান আসামি করে শনিবার এ মামলা দায়ের করা হয়।
হাবিবুর রহমান শাহীন চৌধুরী ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের আমিনুল রহমান চৌধুরীর ছেলে।
শাহীন ছাড়াও ওই এলাকার মো. আনিছ চৌধুরী, মো. দোলন চৌধুরী, মো. ফিলিপস চৌধুরী, মো. সুজন চৌধুরী, নাজরিন চৌধুরী স্বপ্না, মাজেদা চৌধুরী, মো. নাহিদ চৌধুরী, মো. তুহিন চৌধুরী, মো. স্বপন চৌধুরী, মো. আব্দুল আল ইয়াসিন চৌধুরী রিফাত, মো. দিশান চৌধুরী, মো.মাহি চৌধুরী, মো. হৃদয় চৌধুরীকে এ মামলায় আসামি করা হয়েছে বলে ওসি জানান।
গত ৩১ অগাস্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় ‘রাজাকার পরিবারের ভূমিকা’ তুলে ধরে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।
পরদিন গফুরকে রাস্তা ধেকে তুলে নিয়ে ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনেরর বাড়ির সামনে নিয়ে পেটানো হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
আব্দুল গফুর ও স্থানীয়রা মুক্তিযোদ্ধাদের অভিযোগ, একাত্তরে ওই এলাকার পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী দালালদের পরিবারের সদস্যরা ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।
শাহীনের চাচা মৃত মতিয়ার রহমান চৌধুরী ইসলামপুর শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন বলেও আব্দুল গফুর অভিযোগ করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর গফুর বাদী হয়ে শাহীনসহ ১৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তদন্ত শেষে শনিবার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয় জানিয়ে ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
