ফেনীতে ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২
ফেনী শহরে একটি বাসে তল্লাশি চালিয়ে ২৩ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ আটক করেছে র্যাব।
শহরের মধ্যম রামপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।
আটকরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার বালুধুম গ্রামের আব্দুল মোনাফ মিয়ার ছেলে মো.নুরুল ইসলাম (৪৬) ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডু উপজেলার কোদারখীল গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে বাবুল নাথ বাবু (৪০)।
র্যাব কর্মকর্তা শাফায়াত জামিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
“এরপর বাসে তল্লাশির এক পর্যায়ে দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে র্যাব তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে বাসের চালকের আসনের নিচ থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক এক কোটি ১৫ লাখ টাকা বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা বাস ও ইয়াবাসহ তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
