রংপুরে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মাকে বাঁচাতে গিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বদরগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি আনিছুর রহমান।
মৃত ফাউজিয়া খাতুন (২৪) ওই এলাকার স্কুল শিক্ষক কামরুজ্জামানের স্ত্রী। তিনি স্থানীয় হলি চাইল্ড কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবারের বরাত দিয়ে আনিছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে গোসলখানায় গোসল করছিলেন ফাউজিয়া। এসময় বাড়ির ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন তার মা আফরোজা বেগম। ভেজা কাপড়ে বাইরে বেরিয়ে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে ফাউজিয়ার মা আফরোজা বেগম সুস্থ আছেন।
বদরগঞ্জ পৌরসভার মেয়র ও পরিবারের অনুরোধে ময়না তদন্ত না করেই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।
