ফেনীতে ২ গৃহবধু খুন
ফেনীতে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ; যাদের একজনকে পারিবারিক বিরোধের জেরে ও আরেকজনকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।
সোমবার রাতে ফারজানা আক্তার (১৮) ও বিকালে আর্জিনা আক্তারের (১৯) লাশ উদ্ধার করা হয়।
ফারজানা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার শাকিবুল ইসলামের স্ত্রী ও ফেনী শহরের বিরিঞ্চি এলাকার মো.বাদল শেখের মেয়ে। আর আর্জিনা ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারাহিপুর এলাকার আবু তাহেরের মেয়ে ও দাগনভূইয়া উপজেলার জয়লস্কর গ্রামের মালেক মাস্টার বাড়ির একরামুল হক ছুট্টর স্ত্রী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফারজানার স্বামী ও আর্জিনার শাশুড়িকে আটক করেছে।
ফরজানার বাবা বাদল শেখ বলেন, তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বিরিঞ্চি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রায় চার মাস আগে ফারজানার সঙ্গে বিয়ের পর থেকে তার মেয়েকে নিয়ে শাকিবুল তাদের বড়িতেই থাকত।
“শকিবুলের সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে ফারজানার বিরোধ চলছিল। সম্প্রতি তাদের মধ্যে এ নিয়ে কয়েক দফায় ঝগড়াও হয়।
এর জেরে সোমবার রাতে কথা কাটাকটির এক পর্যায়ে ফারজানাকে ‘শ্বাসরোধ’ করে হত্যা করে শাকিবুল।”
পরে লাশ ফ্যানের সঙ্গে ঝোলানোর সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয় বলে বাদল জানান।
ফেনী মডেল থানার ওসি মো.রাশেদ খান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ফারজানাকে হত্যার অভিযোগে শাকিবুলকে আটক করে ও ফারজানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিবুল পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।
এদিকে জয়লস্কর গ্রাম থেকে গৃহবধু আর্জিনার লাশ উদ্ধারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে আটক করেছে বলে দাগনভূইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান।
আর্জিনার মামা মো.হানিফ বলেন, প্রায় সাত মাস আগে তার ভাগ্নির সঙ্গে জয়লস্কর গ্রামের মালেক মাস্টার বাড়ির সৈয়দ আহম্মদের ছেলে একরামুলের বিয়ে হয়। বিয়ের সময় ও এর পরে আর্জিনার শ্বশুরবাড়ির লোকজনকে নগদ ১৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিষপত্র যৌতুক দেওয়া হয়।
“এক পর্যায়ে একরামুল আরও যৌতুক দাবি করেলে এ নিয়ে আর্জিনার সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। সোমবার বিকালে এর জেরে একরামুল ও তার বাড়ির লোকজন আর্জিনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।”
পরে আর্জিনা আত্মহত্যা করেছে বলে বিকালে একমুলের বাড়ির লোকজন তাদের মোবাইল ফোনে তাদের খবর দেয় বলে জানান হানিফ।
ওসি আবুল কালাম বলেন, আর্জিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
