২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ব্যবসায়ী নিহত

গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেওয়ার পর পিকআপ ভ্যানের আরোহী এক সবজি ব্যাসায়ী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 10:57 AM

Updated : 19 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার ভোরে সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক অহিদুজ্জামান জানান।

নিহত ফজলুর রহমান বাদলের (২৮) বাড়ি নওগাঁ জেলার পুরশা থানার ঘাটনগর এলাকায়। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক অহিদুজ্জামান বলেন, গাজীপুর কাঁচাবাজার থেকে মালামাল ও যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

“পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির একপাশ দুমড়ে মুচড়ে গিয়ে এর এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। “  

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।