২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জমির বিরোধে সংঘর্ষে কৃষক নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন; আহত হয়েছেন নারীসহ অন্তত ১৪ জন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 05:55 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

শনিবার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনসার আলী সরদার (৫৫) মালপাড়া গ্রামের বুচা সর্দারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, আনসার আলী সরদারের সঙ্গে প্রতিবেশী কমল ও তার সহযোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

“সকালে আনসার আলী সরদারকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন এলোপাথাড়ি প্রহার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

শাহীনুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহতদের মধ্যে রয়েছে সোলায়মান (২৫), হবিবর (৩২), আব্দুর রশিদ (৩৩), ফাতেমা বেগম (৩০),  আবুল হোসেন (৩০), আশরাফ (৪০), আকুল (২৫), শহিদুল (৩৫), ছালেহা বেগম (৪০), নাছিমা বেগম (৩৫), সুজন (২৩), বাবুল (৩২), লাল মাহমুদ (৪৫) ও  মমতাজ (৩৫)। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।