সাভারে দুই সোনার দোকানে ২২০ ভরি গয়না চুরির অভিযোগ
ঢাকার সাভারে দুটি সোনার দোকান থেকে ২২০ ভরি সোনার গয়না চুরির অভিযোগ পাওয়া গেছে।
সাভার থানার এসআই আবুল কাসেম জানান, বৃহস্পতিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে সিটি সেন্টারের পিংকি জুয়েলার্স ও দি বিসকা জুয়েলার্সে চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিসিটিভি থেকে পাওয়া তথ্য দিয়ে তিনি বলেন, “ভবনের দোতালায় টয়লেটের ভেনটিলেটর ভেঙে মুখ ঢাকা চোররা ভেতরে ঢোকে। তারা পাশাপাশি থাকা দুটি সোনার দোকানের কলাপসিবল গেইট ও শাটারের তালা কেটে ফেলে। পরে দোকানের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয়।
ওই মার্কেটে চারজন নিরাপত্তাকর্মী ছিলেন জানিয়ে এসআই কাসেম বলেন, “তারাও এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। তদন্ত করে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।”
চুরির খবর পাওয়ার পর মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ১টা ৫৯মিনিটে তিন চোর ভেতরে প্রবেশ করছে। পরে তারা পোশাক খুলে হাফ প্যান্ট ও গেঞ্জি পরে চুরি করে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া হাফ প্যান্ট ও গেঞ্জি বাথরুমে পাওয়া গেছে।
“দি বিসকা জুয়েলার্সের ডিসপ্লেতে থাকা অল্পকিছু গয়না চুরি হয়েছে। তাদের সব গয়না লকারে ছিল। চোররা লকার ভাঙতে পারেনি। পিংকি জুয়েলার্সে ২০-৩০ ভরি গয়না থাকে সব সময়। কিন্তু এর মালিক কার্তিক চন্দ্র দাবি করেছেন, তার দোকানে আরও ৬০-৭০ ভরি বন্ধকি সোনা ছিল যা চুরি হয়েছে।”
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
