২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মেঘনার ডিপোতে আগুন, নিহত ২

খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের তেল ডিপোতে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও সাতজন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 12:16 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

সোমবার বেলা ১১টার দিকে খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকায় মেঘনার ডিপোতে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস পৃথক দুইটি কমিটি গঠন করেছে।  

মৃতরা হলেন- ডিপোর কর্মচারী কামাল শরীফ ও ট্যাংক লরি চালকের সহকারী রাজু।

আহতরা হলেন- মোজাম্মেল হক (৩৫), আব্দুল ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল হোসেন (৫৫), মীর রুবেল হোসেন (২৬) ও মো. সুজন (২৫)।

আহতদের মধ্যে ডিপোর মিটারম্যান ইসমাইল হোসেন (৫৫), ট্যাংকলরী চালক মীর রুবেল হোসেন (২৬)  ও হেলপার মো. সুজনকে (২৫) ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, “ডিপো থেকে একটি ট্যাংক লরিতে তেল দেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুড়ে যায় তিনটি ট্যাংক লরি।” 

দগ্ধদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

খুলনার আঞ্চলিক ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো.আবুল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা আঞ্চলিক ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক আবুল হোসেন জানান, ফায়ার সার্ভিস অফিস ঢাকা থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আবুল হোসেনকে প্রধান করা গঠিত ওই কমিটির অপর সদস্যদের নাম তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত কমিটির চিঠি মঙ্গলবার সকালে পাওয়া যাবে, তখন নিশ্চিত হওয়া যাবে কে কে কমিটিতে আছে।”

আবুল হোসেন বলেন, ডিপো থেকে ট্যাংকলরিতে পেট্রোল ডেলিভারি দেওয়ার সময় কখনও কখনও গ্যাসের সৃষ্টি হয়। তেল ডেলিভারি দেওয়ার সময় কোনোভাবে স্পার্কিং হয়ে ওই গ্যাসের সংস্পর্শে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

মেঘনা পেট্রোলিয়াম খুলনার ব্যবস্থাপক (অপারশেন্স) জিয়াউল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা চট্টগ্রাম থেকে রাতে খুলনা এসে পৌঁছাবেন। মঙ্গলবার থেকে তারা তদন্ত শুরু করবেন।