ফেনীতে ৮ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক
ফেনীর সদর উপজেলায় আট হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে; যাকে মাদক বিক্রেতা বলছে র্যাব।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম রামপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে জাহিদুল ইসলামকে (৩৮) আটকের খবর জানান র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।
জাহিদ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার করিমখাঁ এলাকার মোবারক সরকারের ছেলে।
শাফায়াত বলেন, গোপনে খবর পেয়ে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে পশ্চিম রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
এ সময় সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী সিল্ক লাইন পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেওয়া হলে এক যাত্রী একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব ধাওয়া দিয়ে তাকে আটক করে।
পরে তার ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে আট ইয়াবা উদ্ধার করা হয়; যার বাজারমূল্য ৪০ লাখ টাকা বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর ও আটকদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।
