রংপুরে ৩ কাউন্সিলর, ২ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরে সিটি চিকলী পার্কের মালপত্র না কিনেও ভুয়া ভাউচার দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে তিন কাউন্সিলর ও দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকরাম হোসেন, সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান চৌধুরী ও উপ-সহকারী প্রকৌশলী নূর মো. মহিউদ্দিন।
জেলা দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার জানান, রোববার রাতে কোতোয়ালি থানায় দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক প্রবীর কুমার দাস তাদের নামে মামলাটি দায়ের করেন।
প্রবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪-১৫ অর্থবছরে সিটি চিকলী পার্ক উদ্বোধন ও ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করে সিটি করপোরেশন। ১১ সদস্যের কমিটির আহ্বায়ক ছিলেন তৎকালীন কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল। অন্য আসামিরা ছিলেন কমিটির সদস্য।
“সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান চৌধুরী পরে ব্যয়ের যে হিসাব ব্যবস্থাপনা কমিটির কাছে উপস্থাপন করেন, সেখানে ৫৪ লাখ ৪০ হাজার ৩৫৫ টাকা খরচ দেখানো হয়। ৭৫টি ভাউচার দেখিয়ে ওই অর্থ উত্তোলন করা হয়। এর মধ্যে ১৮টি ভাউচার ছিল ভুয়া; যার বিপরীতে কোনো মালপত্র কেনা হয়নি। আসামিরা ভুয়া ভাউচারের মাধ্যমে ক্রয় দেখিয়ে আট লাখ ১৮ হাজার ১৩১ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।”
দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।
উপ-পরিচালক মোজাহার আলী বলেন, ওই ঘটনায় অনুসন্ধান শেষে রোববার দুদকের প্রধান কার্যালয় এ মামলা দায়েরের অনুমোদন দেয়।
