দিনাজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের পার্বতীপুর উজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
পার্বতীপুর থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উজেলার ল্যাম্ব হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার চকফরিদ গ্রামের জগলুর ছেলে সুকলাল (৩৮) ও একই এলাকার কার্তিক চন্দ্রের ছেলে জয়ন্ত (৪০)।
ওসি হাবিবুল প্রত্যক্ষদর্শীদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দিক দিয়ে আসার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুকলাল নিহত হন। জয়ন্তকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
