২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 02:07 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সোমবার বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন থেকে একটি মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে ফিরে শেষ হয়।

আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও প্রভাষক রিদিতা মিজান।

হামলার প্রতিবাদ ও নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

তারা বলেন, গত ২৯ জুলাই ঢাকায় দুই শিক্ষার্থীর ওপর দিয়ে বাস চালিয়ে হত্যার পর শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় হেলমেটবাহিনী। সেই হামলার প্রতিবাদে এই কর্মসূচি।

শিক্ষার্থীদের দাবি ন্যায়সঙ্গত হওয়ায় তারা তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন বলে জানান।  

মঙ্গলবারও বেলা ১১টায় একই দাবিতে প্যারিস রোডে একই কর্মসূচি পালন করা হবে বলে শিক্ষার্থীরা জানান।