ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ দেখিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের নতুর বাজার, গাঙ্গিনাপাড় ও পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বিক্ষোভ দেখায় তারা।
বিক্ষোভ চলার সময় তারা কয়েকটি অটোরিকশা ও প্রাইভেট কারের কাচ ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, “বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ‘কয়েকটি’ অটোরিকশা ও প্রাইভেটকারে ইট নিক্ষেপ করলে কাচ ভেঙে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।”
বিক্ষোভ চলার সময় শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। বেলা ২টার দিকে আবার দোকানপাট খোলা হয়।
রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় ঢাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ কয়েক জায়গায় বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।
