ফরিদপুরে প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ওই কিশোর জেলার বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী (১৭)। তাদের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে।
ছাত্রীর চাচির অভিযোগ, ওই কিশোর তার ভাতিজিকে সোমবার রাত ১১টার দিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ভোরের দিকে হাসপাতালে নেওয়া হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস পোদ্দার বলেন, মঙ্গলবার ভোরের দিকে ওই ছাত্রীকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
“ধর্ষণ করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।”
তবে এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়নি। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি মো. নাজমুল করিম।
থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে ছাত্রীর বাবা বলেন, তিনি মেয়েকে নিয়ে হাসপতালে আছেন। বাড়ি ফিরে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে কথা বলার জন্য ওই কিশোরের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তার পরিবারের সবাই আত্মগোপন করেছে বলে প্রতিবেশীরা জানিয়েছে।
