রংপুরের জোড়া খুন: প্রধান আসামি গ্রেপ্তার
জমির বিরোধে জ্যাঠা ও চাচাত ভাইকে কুপিয়ে হত্যার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে কয়েকঘণ্টার মধ্যে ধরা পড়েছেন মামলার প্রধান আসামি।
শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হরুন মণ্ডলকে (৩২) গ্রেপ্তার করা হয় বলে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।
শনিবার দুপুরে পীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাহিরপুর মজিলা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
মামলার অভিযোগ, হারুনের কোদালের কোপে তার আপন জ্যাঠা রাজা মণ্ডল (৬০) ঘটনাস্থলে এবং চাচাত ভাই রফিকুল ইসলাম মণ্ডল (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় নিহত রাজা মণ্ডলের মেয়ে আরেফা বেগম বাদী হয়ে হারুনসহ তিনজনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
ওসি রেজাউল জানান, “হারুন মণ্ডল অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন গোপন সংবাদ পেয়ে হাসপাতালে ভিযান চালানো হয়।
“দুজনকে হত্যার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।”
হত্যা মামলায় হারুনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
মামলার বরাত দিয়ে ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজা মণ্ডলের সঙ্গে ভাতিজা হারুন মণ্ডলের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি চাষ দিতে গেলে হারুনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে হারুন তার হাতে থাকা কোদাল দিয়ে রাজার মাথায় কোপ মারেন। এ সময় তাকে বাঁচাতে ছেলে সামছুল ও ভাতিজা রফিকুল এগিয়ে এলে হারুন তাদেরও কোদাল দিয়ে কোপ দেন।”
এতে ঘটনাস্থলে রাজা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয় বলে জানান তিনি।
আহত সামছুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়নাতদন্তের পর রাজা ও রফিকুলের লাশ সন্ধ্যার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি রেজাউল।
