চাঁদপুরে মাটির নিচ থেকে ৯ রাইফেল উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাটির নিচ থেকে নয়টি রাইফেল পাওয়া গেছে; যা মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা পুলিশের।
শনিবার বিকালে হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া নতুন ছৈয়াল বাড়িতে মাটির নিচ থেকে রাইফেলগুলো পাওয়া যায় বলে হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান।
এ সময় ৫১ রাউন্ড গুলিও পাওয়া যায় বলে জানান তিনি।
ওসি জাবেদুল বলেন, রান্ধুনীমুড়া নতুন ছৈয়াল বাড়ির লিটন নতুন ভবন নির্মাণ করা জন্য মাটি খোঁড়ার সময় নয়টি রাইফেল ও ৫১ রাউন্ড গুলি পায়। পরে ভবন মালিক লিটন বিষয়টি পুলিশকে জানান।
“খবর পেয়ে পুলিশ গিয়ে রাইফেল ও বুলেট উদ্ধার করে থানায় নিয়ে আসছে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কেউ রাইফেলগুলো লুকিয়ে রেখেছিল। “
