২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাছ লাগিয়ে নজর কেড়েছেন এএসপি আলমগীর

ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলের এএসপি মো. আলমগীর বিপুল পরিমাণ বৃক্ষরোপণ করে বিভিন্ন স্তরের মানুষের নজর কেড়েছেন।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 11:53 AM

Updated : 11 Oct 2022, 12:32 PM

সর্বশেষ তিনি তারাকান্দা থানায় ছয় একর জমিতে সাড়ে তিনশ ফলদ গাছের চারা লাগান।

জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মো. আলমগীর ২০০৩ সাল থেকে বৃক্ষরোপণ করে যাচ্ছেন যা সাধারণ মানুষকে বৃক্ষরোণে বিশেষ আগ্রহী করছে।

“পরিবেশ রক্ষা ও উন্নয়নে তার এই গুরুত্বপূর্ণ অবদান আমাদের পুলিশের জন্য গর্বের বিষয়।”

Image
তিন পুলিশের মাঝখানে এএসপি আলমগীর

তিন পুলিশের মাঝখানে এএসপি আলমগীর

মো. আলমগীর ২০০৩ সালে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় ওসি হিসেবে যোগ দেন। ২০১৭ সালে পদোন্নতি পেয়ে এএসপি হন।

বৃক্ষরোপণ কর্মকাণ্ডে বিশেষ উৎসাহের কারণ সম্পর্কে আলমগীর বলেন, ওসি হিসেবে পদোন্নতির পর প্রথমেই তিনি থানার সৌন্দর্যবর্ধনের দিকে নজর দেন। এখান থেকেই বৃক্ষের প্রয়োজন ও গুরুত্ব উপলব্ধি করেন।

কলমাকান্দায় তিনি লেবু, কমলা, পেয়ারা, নারকেল, জাম ও রেইনট্রিসহ তিন শতাধিক চারা লাগান বলে জানান।

তিনি বলেন, পরে ২০০৫ সাল থেকে আড়াই হাজার থানায় থাকার সময় ৫০টি ফলদ চারা, ২০০৯ সাল থেকে সেনবাগ থানায় থাকার সময় অর্ধশতাধিক ফলদ চারা, ২০১১ সাল থেকে পানছড়ি থানায় থাকার সময় দেড় শতাধিক ফলদ চারা রোপণ করেন।

২০১৭ সালে ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলে এএসপি হিসেবে পদোন্নতির পর আরও বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মকাণ্ডে জড়ান তিনি।

“ধোবাউড়া থানায় সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আম, লিচু, চালতা, আনার, আমড়া ও পেয়ারাসহ তিন শতাধিক ফলদ চারা রোপণ করেছি। হালুয়াঘাট থানায় দেড় শতাধিক ফলদ চারা আর এ বছর তারাকান্দা থানায় ছয় একর জমিতে সাড়ে তিনশ ফলদ গাছ রোপণ করেছি।”

জেলার বিভিন্ন স্তরের মানুষ তার এ কাজের প্রশংসা করেছেন।

আড়াই হাজার পৌরসভার মেয়র সুন্দর আলী বলেন, “আলমগীর সাহেব আমাদের থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় অনেক চারা লাগিয়ে গেছেন। আজ আমরা তার লাগানো বিভিন্ন গাছের ফল খাচ্ছি।

“পুলিশের এই কর্মকর্তার দেখাদেখি আমাদের এলাকায়ও অনেকেই বৃক্ষরোণন শুরু করেছিল। তা এখনও অব্যাহত আছে।”

একজন পুলিশ কর্মকর্তা তার দায়িত্বের বাইরে অতিরিক্ত হিসেবে পরিবেশ উন্নয়নে যে ভূমিকা রাখতে পারেন, এএসপি আলমগী তার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

তিনি বলেন, “তার বৃক্ষরোপণ কর্মকাণ্ড আমাদের উপজেলায় সাড়া জাগিয়েছে। তিনি সহজেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান এবং বৃক্ষরোপণে উৎসাহী করেন আর মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।”

কলমাকান্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন তার প্রশংসা করে বলেন, “তিনি যে একজন পুলিশ সেটা কখনও সাধারণ মানুষকে ভাবতে দিতেন না। মানুষের সাথে তার সম্পর্ক ছিল বন্ধুসুলভ।”

এএসপি আলমগীরকে একজন নীতিবান পুলিশ কর্মকর্তা বলে জানেন হালুয়াঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ।

তিনি বলেন, “আমাদের সমাজে এমন পুলিশ অফিসার পাওয়া দুরূহ। তার চিন্তাধারা পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা। তিনি সুযোগ পেলেই স্কুল, কলেজ ও গ্রামগঞ্জে ঘুরে বেড়ান।

“শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বৃক্ষরোপণে আগ্রহী করার পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে থেকে বিরত থাকার নির্দেশনা দেন। তার প্রচেষ্টায় গত এক বছরে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ৩০টির মত বাল্যবিয়ে বন্ধ হয়েছে।”

ধোবাউড়া থানার ওসি মো. শওকত আলম বলেন, “এএসপি স্যারের বদৌলতে আমাদের থানার পরিবেশ সুন্দর হয়েছে। মানুষ থানায় এসে বিভিন্ন গাছের ফল খাওয়ার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে।”