২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণ হলে গুলি: হুঁশিয়ারি বিএসএফের

সম্প্রতি বিএসএফের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উত্তেজনার মধ্যে ভারতীয় এই সীমান্তরক্ষা বাহিনী ফের হামলার শিকার হলে গুলি করার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 09:48 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা জানানো হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুলাই ২১ বিজিবি ব্যাটালিয়ন এবং ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়েছে।

এই বৈঠকে বিএসএফ অভিযোগ করে-কিছু দুষ্কৃতিকারী সম্প্রতি শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্তের বিপরীতে বিএসএফ সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে বিএসএফের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বলে বিজিবি জানিয়েছে।

“এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিএসএফ গুলিবর্ষণ করতে পারে বলে জানিয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার প্রেক্ষিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিওপিসমূহে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়। গরু আনার জন্য বাংলাদেশ থেকে যেন কোনো ব্যক্তি সীমান্ত অতিক্রম না করে সে ব্যাপারে সভায় সতর্ক করা হয়েছে।

অতি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর সীমান্তের শূন্য লাইন বরাবর চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।    
শার্শার রুদ্রপুর সীমান্তে বসবাসকারী স্থানীয় সংবাদ কর্মী আজিজুল ইসলাম বলেন, রুদ্রপুর বিওপির বিজিবির নায়েব সুবেদার মোস্তফা কামাল ও হাবিলদার সৈয়দ মিরাজ সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের সঙ্গে বৈঠক শেষে এই সতর্কাবস্থা জারির বিষয়টি জানান।