বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে নানি-নাতনির মৃত্যু
যশোরের বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে বেনাপোলের আমড়াখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত ডিজিএম মামুন মোল্লা জানান।
নিহতরা হলেন বেনাপোলের আমড়াখালি গ্রামের সাদেক আলীর স্ত্রী আরাতন বেগম (৫০) ও তার নাতনি একই গ্রামের কুরবান আলীর মেয়ে মাসুরা খাতুন (১৬) ।
স্থানীয়দের বরাত দিয়ে মামুন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরাতন বেগম বিকালে গোসল করে শাড়ি মেলতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে যান। এসময় তার চিৎকারে নাতনি মাসুরা এগিয়ে এলে সেও তারে জড়িয়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
