রজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা, ভাই পলাতক
রাজশাহী নগরে ছোট ভাইয়ের বিরুদ্ধে কুপিয়ে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবীর জানান।
নিহত মোখলেছুর রহমান মুল্লুক ওরফে চাঁন মণ্ডল (৪৪) পান্থাপাড়ার নামাজী মণ্ডলের ছেলে।
ঘটনার পর থেকে ছোট ভাই জাহাঙ্গীর মণ্ডল পলাতক রয়েছেন।
ওসি হুমায়ন বলেন, সন্ধ্যার আগে বাড়ির আবর্জনা ফেলা নিয়ে বাড়ির নারীদের মধ্যে ঝগড়া হয়।
“সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই জাহাঙ্গীর হাসুয়া দিয়ে মুল্লুক চাঁনকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ওসি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
